শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে একের পর এক গজিয়ে উঠছে বহুতল, আবাসন, বাণিজ্যিক ভবন। কোটি কোটি টাকার নির্মাণকাজ চলছে চোখের সামনে। কিন্তু সেই বহুতল তৈরির নেপথ্যে যাঁরা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
শিলিগুড়িতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর সেই প্রশ্নই আরও জোরালো হয়ে উঠেছে।
অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে। আর সেই অভিযোগেরই ভয়াবহ পরিণতি সামনে এসেছে হায়দারপাড়ায়। ছয়তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পরিবার হারিয়েছে তাদের অন্যতম প্রধান উপার্জনকারীকে।
ঘটনাটি ২৬ সেপ্টেম্বর। হায়দারপাড়ায় ‘Panchanai Aura Apartment’ (পঞ্চনই অরা অ্যাপার্টমেন্ট) নামে একটি আবাসনের নির্মাণকাজ চলছিল। সেই সময় ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হন মকছেদুল মহম্মদ, যিনি আমবাড়ির বাসিন্দা। গুরুতর অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি।
একটি নির্মাণস্থলে একজন শ্রমিকের এভাবে প্রাণ হারানো নিছক ‘দুর্ঘটনা’ বলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
মৃতের স্ত্রী মিলি সরকার-এর অভিযোগ আরও গুরুতর। তাঁর দাবি, নির্মাণকাজ চলাকালীন শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার কথা বিভিন্ন সময়ে মালিকপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, সেই দাবিতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
স্বামীকে হারিয়ে এখন বিচারের দাবি তুলেছেন মিলি সরকার। তিনি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নির্মাণ সংস্থার মালিক নিশিত আগরওয়াল ও সারভেশ আগরওয়াল, সাইট ম্যানেজার সুরজিত অধিকারী এবং সাইট ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার ওই নির্মীয়মান আবাসনে গেলেও সেখানে নিরাপত্তারক্ষী ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে এই ঘটনার পর কী ব্যবস্থা নেবে পুলিশ ও শিলিগুড়ি পুরনিগম।





