শিলিগুড়ি, ২৮ অক্টোবর: ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের ডাক দিল কংগ্রেস। বুধবার দার্জিলিং জেলা কংগ্রেসের সাংবাদিক বৈঠকে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক তথা প্রাক্তন বিধায়ক সঞ্জয় কাপুর।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ও সহ- সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত এবং দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি জীবন মজুমদার।
এদিন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন সঞ্জয় কাপুর।তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় কারচুপি এবং ভোটারদের নাম বাদ দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে। সাধারণ মানুষকে নিজেদের EPIC নম্বর দিয়ে ভোটার তালিকায় নাম যাচাই করার আবেদনও জানান তিনি।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা জানান, আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের নিয়ে গণসমাবেশ করা হবে। পাশাপাশি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান ও দুর্নীতির মতো বিষয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র, সংবিধান ও ভোটাধিকার রক্ষার দাবিতে ব্লক, পঞ্চায়েত এবং বুথ স্তর পর্যন্ত জনসচেতনতা কর্মসূচি চালানো হবে।





