শিলিগুড়ি, ১১ আগস্টঃ বাইক দাঁড় করিয়ে যুবককে মারধর এবং তার সোনার চেন ও বাইকের চাবি ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম সৌরভ চক্রবর্তী এবং রোহিত কুমার সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই রাতে আদিত্য তিওয়ারি বাইক চালিয়ে যাচ্ছিলেন।সেইসময় একটি সাদা গাড়িতে থাকা ৬-৭ জন যুবক তার বাইক দাঁড় করায়।এরপর লোহার রড ও বাঁশ দিয়ে তার উপর হামলা করে এবং তার সোনার চেন, বাইকের চাবী ছিনতাই করে পালিয়ে যায়।ঘটনায় আহত হয় যুবক।স্থানীয়রা যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ঘটনার তদন্তে নেমে পুলিশ সোমবার নেতাজি মোড় এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
