রাজগঞ্জ, ১১ আগস্টঃ সারের কালোবাজারি রুখতে দোকানে দোকানে অভিযান বিজেপির কিষান মোর্চার।মঙ্গলবার বেলাকোবা বটতলা বাজারে একাধিক সারের দোকানে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপি জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
বিজেপির অভিযোগ, এলাকায় সারের কালোবাজারি চলছে। কোথাও দোকানে সারের স্টক নেই বলে জানানো হলেও গোডাউনে মজুত রয়েছে বিপুল পরিমাণ সার। এমনই অভিযোগ তুলে দোকানের খাতাপত্র, স্টক এবং বিক্রির হিসাব খতিয়ে দেখেন বিজেপি নেতারা।
বিজেপি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, কিছু দোকানে স্টক ও খাতাপত্রের হিসাবের মধ্যে গরমিল রয়েছে। এমনকি গোডাউনে সার মজুত থাকা সত্ত্বেও দোকানের বোর্ডে ‘স্টক নেই’ দেখানোর অভিযোগও তোলেন তিনি।
এদিকে বিজেপি নেতারা দোকানে দোকানে পরিদর্শনে যাওয়ার খবর ছড়াতেই বাজারের বেশ কয়েকটি সারের দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।
বিজেপি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাসের হুঁশিয়ারি, সারের কালোবাজারি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগামীদিনেও জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই অভিযান চালানো হবে এবং কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা সামনে আনা হবে।
