শিলিগুড়ি, ৬ আগস্টঃ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নতুন উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার এয়ারভিউ মোড়ের একটি পেট্রোল পাম্পে নতুন উদ্যোগের সূচনা করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
এদিন একটি সচেতনতা বোর্ডের উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, পথ দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ করাই যথেষ্ট নয়, বরং ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রোল পাম্প এমন একটি জায়গা যেখানে প্রতিদিন বহু চালক যাতায়াত করেন, তাই এখানে সচেতনতামূলক বোর্ড বসানো হলে পথ নিরাপত্তার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।
স্কুল, জনবহুল স্থান এবং প্রধান মোড়গুলির পাশাপাশি পেট্রোল পাম্পগুলিকে এই অভিযানের অংশ করা হয়েছে, যাতে পথ দুর্ঘটনা কম করা যায়।
এদিনের কর্মসূচিতে ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি পূর্ণিমা শেরপা, এসিপি সুবীর দত্ত, এসিপি ত্রিদীপ সরকার, এসিপি চন্দন দাস এবং পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।
