শিলিগুড়ি, ১০ আগস্টঃ রেলের জমিতে থাকা হকার ও ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।
এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রেল ইনস্টিটিউটের মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়, শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র গৌতম দেব, বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে এডিআরএম অফিসে পৌছায়।সেখানে রেলের আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয়।
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায় বলেন, আমাদের মূল দাবি হল, রেলের জায়গা থেকে যেসব হকারকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।তাদের আয়ের প্রধান উৎস ব্যবসা।ব্যবসার উপর নির্ভর করেই তারা সংসার ও পরিবারের সদস্যদের ভরণপোষণ করেন।আমরা চাই, রেল কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করুক এবং হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুক।
