শিলিগুড়ি, ১০ আগস্টঃ অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল শিলিগুড়ির মহানন্দা বাঁচাও কমিটি।
জানা গিয়েছে, বন্যা দুর্গতদের সহায়তায় সংস্থার পক্ষ থেকে জুতো, পোশাক, খাতা-কলম, চাদর সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয়েছে। সংস্থার সদস্যরা জানান, প্রায় ৩০ কুইন্টাল চিঁড়ে ও মুড়ি এছাড়াও সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুর্গত মানুষদের তুলে দেওয়া হবে।একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই সমস্ত ত্রাণসামগ্রী দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হবে।
এদিন মহানন্দা বাঁচাও কমিটির উদ্যোগে সংগৃহীত ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসনের তরফে যা যা সহযোগিতা প্রয়োজন, তা যথাসম্ভব করা হবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
