এটিএম কার্ড বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, চক্রের এক সদস্য গ্রেফতার

শিলিগুড়ি, ১২ আগস্টঃ এটিএম কার্ড বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করা চক্রের পর্দাফাঁস করলো উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেফতার ১ জন। ধৃতের নাম জগন্নাথ ঘোড়ামি।বারুইপুরের বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে ১৯টি জাল এটিএম কার্ড উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার মুখতার হোসেন একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। সেইসময় অভিযুক্তরা তাকে সাহায্য করার নামে তার আসল এটিএম কার্ড বদলে তাকে একটি জাল এটিএম কার্ড দেয়।কিছুক্ষণ পরেই মুখতার হোসেনের অ্যাকাউন্ট থেকে প্রায় ২৬ হাজার টাকা তুলে নেওয়া হয়।

ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত নেমে পুলিশ জানতে পারে চক্রের সদস্যরা কদমতলা বিএসএফ ক্যাম্পের কাছে অবস্থিত একটি এটিএমে অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে জগন্নাথ ঘোড়ামিকে গ্রেফতার করে পুলিশ।

তবে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি অনির্বাণ মজুমদার জানান, মেডিক্যাল ফাঁড়ির পুলিশ এটিএম প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে ১৯টি জাল এটিএম কার্ড উদ্ধার হয়েছে।গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes