শিলিগুড়ি, ৯ আগস্ট: শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির ৬৪ তম দূর্গাপুজোর খুঁটি পূজা সম্পন্ন হল।স্থান পরিবর্তন হলেও পুজোর আকর্ষণে কোনও খামতি থাকবে না-এমনটাই আশাবাদী সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির সদস্যরা।
যে মাঠে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল কলোনীর পুজোর আয়োজন হয়ে আসছিল, সেখানে বর্তমানে রেলের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। ফলে পুজোর আয়োজন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
তবে সমস্ত বাধা কাটিয়ে অবশেষে পুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।এবার এনজেপি থানা সংলগ্ন ব্যারাক কলোনির মাঠে অনুষ্ঠিত হবে সেন্ট্রাল কলোনির ৬৪তম বর্ষের দুর্গাপুজো।
প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করা হবে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা—সবকিছুতেই থাকবে বিশেষ চমক।
রবিবার রীতি মেনে খুঁটি পূজা সম্পন্ন হয়।পুজো কমিটির সম্পাদক সৌরভ নাথ জানান, দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রাখতে নানা বাধা-বিপত্তির মধ্যেও এবছর পুজোর আয়োজন করা হচ্ছে। স্থান পরিবর্তন হলেও দর্শনার্থীদের আকর্ষণে কোনও ঘাটতি থাকবে না। বরং এবারের পুজোয় আগের বছরের তুলনায় আরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
