শিলিগুড়ি, ৯ আগস্ট: শিলিগুড়ির বিপ্লবী সংঘের গণেশ পূজার খুঁটিপূজা সম্পন্ন হল।এবছর তাদের গণেশ পূজা চতুর্থ বর্ষে পদার্পণ করবে।
জানা গিয়েছে, গতবছর শিশুরূপে গণেশের মূর্তি তৈরি করে শহরবাসীর নজর কেড়েছিল বিপ্লবী সংঘ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবছরও এক অভিনব ভাবনার উপর জোর দেওয়া হয়েছে।
এবারের মূল আকর্ষণ ‘তপস্বী রূপে গণপতি’। প্রায় ১১ ফুট উচ্চতার মূর্তির মাধ্যমে ধ্যানমগ্ন গণেশের এক অনন্য রূপ তুলে ধরা হবে, যেখানে তার হাতে থাকবে মহাকাল। মণ্ডপে উপস্থাপিত হবে গণেশের মহাকাল তপস্যার ভাবনা, যা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছে উদ্যোক্তারা।
শিলিগুড়ির শিবরামপল্লী বিবাদী সরণীতে অনুষ্ঠিত হবে এই পুজো। আগামী ১৪ সেপ্টেম্বর পুজোর সূচনা হবে এবং ১৫ সেপ্টেম্বর মূল পূজা অনুষ্ঠিত হবে। এরপর পাঁচ দিন ধরে মণ্ডপে প্রতিমা রাখা হবে। এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হবে।
গত বছর যেভাবে দর্শকদের সাড়া পেয়েছিল এই পুজো, এবছর আরও বেশি মানুষের সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
