রাজগঞ্জ ১০ আগষ্টঃ ভারত-বাংলাদেশ সীমান্তে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া ভারতীয় যুবক দীপঙ্কর গোপকে এখনও দেশে ফেরানো সম্ভব হয়নি। একাধিক দফায় ফ্ল্যাগ মিটিং হলেও কোনও সমাধান সূত্র না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবার ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে।
শনিবার চাউলহাটি সীমান্তের ৩২ নম্বর গেট দিয়ে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন দীপঙ্কর। অভিযোগ, জিরো ল্যান্ডে থাকা নিজের চা বাগানে কাজ করার সময় বাংলাদেশের কয়েকজন তাকে জোর করে আটক করে ওপারে নিয়ে যায়। এরপর থেকেই তাকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বিএসএফ ও প্রশাসন।
ঘটনার নেপথ্যে কয়েকদিন আগের একটি ঘটনাকে ঘিরে ‘বদলা’ বা ‘বিনিময়’ তত্ত্বও সামনে এসেছিল।কয়েকদিন আগে এক বাংলাদেশি বৃদ্ধা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লে বিএসএফ তাঁকে আটক করে। ওই বৃদ্ধাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে দীপঙ্করকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে এখনো এমনই দাবি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
রবিবারও সীমান্তে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা চাউলহাটি সীমান্তে পৌঁছন। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস-সহ পুলিশ আধিকারিক এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারও ঘটনাস্থলে যান। বিকেল সাড়ে তিনটে নাগাদ বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক চললেও দীপঙ্করকে ফেরানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিকেল পাঁচটা নাগাদ বৈঠক শেষ হয়।
এদিকে সন্ধ্যার পর দীপঙ্করের দ্রুত মুক্তির দাবিতে চাউলহাটি, গাঠিয়াপাড়া, তসর মোহাম্মদপাড়া, নাওয়া পাড়া-সহ আশপাশের এলাকার বহু মানুষ চাউলহাটি বিওপির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজগঞ্জ থানার পুলিশ ও বিএসএফের জওয়ান ও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। সন্ধ্যা সাতটা নাগাদ বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যান।
রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, “বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি দাবি রাখা হয়েছে। ভারতে ধরা পড়া একজন বাংলাদেশি নাগরিক বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। তার বিনিময়ে দীপঙ্করকে ছেড়ে দেওয়ার দাবি করা হয়েছে।দীপঙ্করকে দেশে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
দুদিন পেরিয়ে গেলেও দীপঙ্কর দেশে না ফেরায় এখন দ্রুত সমাধানের আশায় তাকিয়ে রয়েছে তার পরিবার ও সীমান্তবাসী।
অন্যদিকে রবিবার বিকেলে বাংলাদেশি সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রবিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
