সমুদ্র পাড়ি দিয়ে সুদূর দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে শিলিগুড়ির শিল্পীর তৈরি মা দুর্গার প্রতিমা

শিলিগুড়ি ,১৭ আগস্টঃ বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজোর আর কিছুদিন বাকি।বিদেশেও দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা।আর সেই কারণেই এবারে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিতে চলেছে শিলিগুড়ির শিল্পী সঞ্জীব সাহার তৈরি মা দুর্গার প্রতিমা।

বাড়িতেই সাড়ে চার ফুটের ফাইবারের দুর্গাপ্রতিমা তৈরি করেছেন শিল্পী সঞ্জীব সাহা। শিপিংয়ের মাধ্যমে প্রতিমাটি দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে।সমুদ্রপথে প্রায় এক মাসের যাত্রা শেষ করে সেখানকার একটি বাঙালি সোসাইটির উদ্যোগে দুর্গাপুজোয় পূজিত হবে এই প্রতিমা।

প্রায় তিন মাস ধরে মায়ের রুপ ফুটিয়ে তুলেছেন শিল্পী।ছোটবেলা থেকেই শিল্পকর্মের প্রতি আগ্রহ ছিল।তবে এই শিল্পকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না সঞ্জীবের।যদিও গত প্রায় দেড় বছর ধরে নিজের শিল্পীসত্তাকে নতুনভাবে তুলে ধরতে শুরু করেন তিনি। বিভিন্ন ধরনের মূর্তি, প্রতিমা ও ভাস্কর্য তৈরি করে সেগুলির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন। সেই কাজই নজরে আসে দক্ষিণ কোরিয়ার বাঙালি সোসাইটির। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করে দুর্গাপ্রতিমা তৈরির বরাত পান সঞ্জীব।

বিদেশে পাঠানোর কথা মাথায় রেখে মাটির পরিবর্তে ফাইবার ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিমা। প্রতিমা বিদেশে পাঠানোর উপযোগী করে তৈরি করাও ছিল তার কাছে আলাদা চ্যালেঞ্জ।যদিও তার নিপুন শিল্পকলায় সম্পূর্ণ হয়েছে প্রতিমা তৈরির কাজ।

বিদেশের মাটিতে তার তৈরি মা দুর্গা পূজিত হবেন, এটাই তার শিল্পজীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন শিল্পী সঞ্জীব সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes