শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কে সোমবার সকালে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে মুহূর্তের মধ্যে কারখানার বড় অংশ গ্রাস করে নেয়, আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
সকাল সাড়ে দশটা নাগান কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। দীর্ঘ সময় ধরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
কারখানার ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক, রাসায়নিক ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। ফলে আগুনে পুরো কারখানাটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছায়। তবে কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
