রাজগঞ্জ ৬ আগষ্টঃ বেলাকোবায় মোবাইল টাওয়ারে চুরির চেষ্টা।সাময়িকভাবে ব্যাহত হল নেটওয়ার্ক পরিষেবা।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়ায় একটি বেসরকারি টেলিযোগাযোগ সংস্থার প্রধান মোবাইল টাওয়ারে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে।
অভিযোগ, দুষ্কৃতীরা টাওয়ারে ঢুকে সংযোগের গুরুত্বপূর্ণ তার কেটে নিয়ে পালানোর চেষ্টা করে। টাওয়ারের নিরাপত্তারক্ষী বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই বেলাকোবা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটে। ফলে বহু গ্রাহক ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখে পড়েন।
খবর পেয়ে সংশ্লিষ্ট টেলিযোগাযোগ সংস্থার প্রযুক্তিগত কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেন। পরে পরিষেবা স্বাভাবিক হয়।
ঘটনার খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। টাওয়ার থেকে কোনো জিনিস চুরি হয়েছে কিনা এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
