কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টা, গ্রেফতার মাস্টারমাইন্ড

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টা।ঘটনায় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পর এবারে মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতের নাম এমডি মইউদ্দিন।

জানা গিয়েছে, গত ৮ আগস্ট গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভারত-নেপাল সীমান্ত থেকে এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এনজেপি শান্তিপাড়ার বাসিন্দা রবিউল নামে এক যুবককে গ্রেফতার করে।

অভিযুক্ত রবিউলকে দুই দফায় মোট আট দিনের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। এর ভিত্তিতে শিলিগুড়ি থেকে করণ নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তাকেও পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।উঠে আসে মাস্টারমাইন্ডের নাম। এরপরই খড়িবাড়ি জোনের ইন্সপেক্টর নূর আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল শিলিগুড়ি থেকে এমডি মইউদ্দিনকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে ছয়দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes