নকশালবাড়ি, ১১ আগস্টঃ সরকারি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি বিশ্বজিৎ ঘোষ ওরফে রকেট।
জানা গিয়েছে, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপির মন্ডল সভাপতি সাধন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে সোমবার নকশালবাড়ি থানার পুলিশ প্রাক্তন উপপ্রধানকে গ্রেফতার করে। আড়াই থেকে তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানোর সময় ডিম থেরাপি সহ চোর চোর স্লোগান দেয় বিজেপি নেতা কর্মীরা।
এদিন সাধন চক্রবর্তী জানান, পঞ্চায়েত অফিসকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে গ্রাম পঞ্চায়েতের রাজস্ব জমা না করে তছরুপ করতো এই প্রাক্তন উপপ্রধান। বাসস্ট্যান্ড থেকে শুরু করে হোডিং ও টোলট্যাক্স এর রাজস্ব জমা না করে নিজে আত্মসাৎ করতো বলে জানান তিনি।
