শিলিগুড়ি, ১১ আগস্টঃ চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ শিলিগুড়িতে।ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে সেবক রোডের একটি নার্সিংহোমে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের গুরুং বস্তি এলাকার বাসিন্দা পবন শাহের মাথায় সমস্যা দেখা দেয়।এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
পরিবারের দাবী, প্রথমে যে নার্সিংহোমে পবন শাহকে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা ভালোই ছিল।পরবর্তীতে আচমকাই হাসপাতালের তরফে জানানো হয় রোগীর শারীরিক অবস্থা ভালো নয়, তাকে উন্নত চিকিৎসার জন্য সেবক রোডের নার্সিংহোমে স্থানান্তর করতে হবে।সেই অনুযায়ী সোমবার বিকেলে পবন শাহকে নার্সিংহোমে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, নার্সিংহোমে ভর্তি করার পর থেকেই রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে সঠিকভাবে জানানো হয়নি।জোর করে রোগীর সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করা হলে নার্সিংহোমের তরফে পবন শাহকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।ঘটনার পর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিন হন।পরবর্তীতে সেবক রোড অবরোধ করেও প্রতিবাদ জানান মৃতের পরিজনেরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে তারা কিছু বলতে চাননি।
অন্যদিকে এই বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্যামসুন্দর সিং বলেন, রোগীর মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে স্পষ্টভাবে ঘোষণা করতে চাইছিল না।পরিবারের সদস্যদের একাধিকবার বিল জমা দেওয়ার জন্য বলা হচ্ছিল।বিষয়টির সঠিক তদন্ত হোক বলে জানান তিনি।
