শিলিগুড়ি, ১০ আগস্টঃ শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে উদ্যোগ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে চালু হল নতুন পার্কিং ব্যবস্থা।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পার্কিং ব্যবস্থার সূচনা করেন মন্ত্রী শঙ্কর ঘোষ। নতুন এই পার্কিং ব্যবস্থার ফলে বিধান মার্কেট, হিলকার্ট রোড এবং ক্ষুদিরাম পল্লীর ব্যবসায়ীদের গাড়ি এখন থেকে নির্দিষ্ট পার্কিং জোনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী জানান, শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে বিধান রোডের দোকানদার ও ব্যবসায়ীদের গাড়ি রাস্তার পরিবর্তে মেলা গ্রাউন্ডেই পার্কিং করতে হবে। পাশাপাশি বাইরে থেকে শহরে আসা গাড়িগুলিও এই পার্কিং এর সুবিধা নিতে পারবে। এর ফলে বিধান রোড ও হিলকার্ট রোডে যানজট অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন।
পার্কিং ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, জোন ১-এ ব্যবসায়ীদের গাড়ি রাখা হবে এবং জোন ২-এ বাইরের গাড়ির জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রথম ১৫ দিন এই পার্কিং পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এরপর নির্ধারিত ফি চালু করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে শহরে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধান মিলবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
