শিলিগুড়ি, ২৩ আগস্টঃ যৌথভাবে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম রতন রায়।শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির বাসিন্দা।
জানা গিয়েছে, এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে নিবেদিতা রোড এলাকায় একটি টোটোর মাধ্যমে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়।সেইসময় সন্দেহজনক টোটোটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টোটোর সিটের নীচে লুকিয়ে রাখা একটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করা হয়।
ঘটনায় গ্রেফতার করা হয় টোটো চালক রতন রায়কে।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রায় চার বছর আগেও ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল এবং দীর্ঘদিন জেলেও ছিল।জেল থেকে ছাড়া পাওয়ার পর টোটো চালাতে শুরু করে।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেছে। সোমবার তাকে শিলিগুড়ির আদালতে পেশ করা হয়।
