সরকারি জমি দখল করে অবৈধভাবে বিক্রির অভিযোগে গ্রেফতার আরও ২

শিলিগুড়ি, ২৩ আগস্ট: সরকারি জমি দখল করে অবৈধভাবে বিক্রির অভিযোগ। জমি বিক্রির অভিযোগে গ্রেফতার আরও ২ জন। ধৃতদের নাম দিগেন সিনহা ও উত্তম বর্মন। দুজনই তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত ২০২০ সালে ৭.৯২ একর জমি রাজ্য সরকারের কাছ থেকে লিজ নেয়। এই লিজ ভুক্ত জমির বাইরেও প্রায় ৩.৬১ একর সরকারি জমি বেআইনিভাবে দখল এবং বিক্রির অভিযোগ উঠে। গত ৮ আগস্ট সরকারি জমি দখল এবং ভুয়ো নথি বানিয়ে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা তোলার লিখিত অভিযোগ দায়ের করেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মূর্মূ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করা হয় হান্দ্রু ওঁরাওকে, যিনি মেচি মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা হিসাবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে খবর, হান্দ্রু ওঁরাওকে জিজ্ঞাসাবাদ করেই আরও দুজনকে গ্রেফতার করলো পুলিশ। আজ অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

এদিকে অভিযুক্তরা জানান, মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমরা ছিলাম না। তৃণমূল কর্মী বলেই গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes