শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের অভিযোগ ভাড়াটের বিরুদ্ধে, আটক ৩

শিলিগুড়ি ,২৫ জুনঃ শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লী এলাকায় ছিনতাইয়ের অভিযোগ উঠলো ভাড়াটের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র সাহার বাড়িতে প্রায় তিন মাস আগে অনিল মন্ডল, বাবলি মন্ডল ও কোয়েল মন্ডল ভাড়া থাকতে আসে। প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন আগে বাড়ির উঠোন নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা হয়।


অভিযোগ, বৃহস্পতিবার হঠাৎ ভাড়াটেরা বাড়ি মালিকের স্ত্রী যমুনা সাহাকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে বসতে বলা হয় এবং কথাবার্তার মাঝে আচমকা তার চোখ-মুখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে।এরপর হুমকি দেওয়া হয় যে পেছনে বন্দুকধারী একজন দাঁড়িয়ে রয়েছে।গলা থেকে সোনার চেন খুলে নেওয়া হয় বলে অভিযোগ।
এছাড়াও, যমুনা সাহাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান এবং পরে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।


এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes