শিলিগুড়ি, ১০ জুলাইঃ শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষী নগর এলাকায় উচ্ছেদ অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, এদিন অভিযান চালিয়ে সুরেন্দ্র সাহানি নামে এক বাসিন্দার বাড়ির একটি অংশ এবং সামনের দোকান ভেঙে দেওয়া হয়।উচ্ছেদ অভিযানের পর সুরেন্দ্র সাহানি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, এলাকার দুই ব্যক্তি জিতেন্দ্র সিং এবং গুড্ডু সিং তার কাছে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, সেই অর্থ না দেওয়ায় প্রতিহিংসাবশত তার বাড়ি ভাঙার ব্যবস্থা করা হয়েছে।
সুরেন্দ্র সাহানি আরও দাবি করেন, ২০২৫ সালে এই বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশে দুটি বাড়ি ভাঙার কথা থাকলেও এদিন শুধুমাত্র তার বাড়িতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
