সরকারি টাকায় রাস্তা দখল! ৯ লক্ষের ‘আজব পার্ক’ ভাঙল শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি, ২৬ জুনঃ শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে প্রায় ৯ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল একটি আজব পার্ক। কিন্তু সেই পার্কে ছিল শুধু একটি ঘেরাটোপ ও হাতে গোনা কয়েকটি গাছ। স্থানীয়দের অভিযোগ, এত টাকা খরচ হলেও বাস্তবে পার্কের নামে এটি সরকারি টাকার শ্রাদ্ধ করা হয়েছে। উল্টে পার্কটি তৈরি হওয়ার পর থেকেই সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ত।

শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের নতুন কমিশনার বীর বিক্রম রাই ইসকন মন্দির রোড সংলগ্ন এলাকা পরিদর্শনে যান। সেখানে ওই পার্কটি দেখে তিনি সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপর জেসিবি এনে কর্মীরা পার্কটি ভেঙে দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও প্রয়োজন ছাড়াই শুধুমাত্র সৌন্দর্যায়নের নামে এই পার্ক তৈরি করা হয়েছিল। অথচ এর ফলে রাস্তা কমে যায় এবং জলনিকাশির সমস্যাও বাড়ে। এই ঘটনায় ৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিবিকা মিত্তলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

এদিকে, ওই পার্কের পাশেই রাস্তা দখল করে তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস। পুরনিগম সূত্রে খবর, নিয়ম অনুযায়ী নোটিস দেওয়ার পর সেই পার্টি অফিসের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes