রাজগঞ্জের আমবাড়ি-ফালাকাটা চিন্তা মোহন হাইস্কুলে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ৩১ জুলাইঃ হিউম্যান ট্রাফিকিং, সাইবার প্রতারণা ও নেশার বিরুদ্ধে পড়ুয়াদের সচেতন করতে সচেতনতা শিবিরের আয়োজন করা হল।শুক্রবার রাজগঞ্জের আমবাড়ি-ফালাকাটা চিন্তা মোহন হাইস্কুলে এই বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে ভোরের আলো থানা।

এদিন শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি, ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নেন।

পুলিশের পক্ষ থেকে বর্তমান সময়ে হিউম্যান ট্রাফিকিং, সাইবার প্রতারণা এবং মাদকাসক্তির মতো সামাজিক সমস্যার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসব অপরাধ থেকে কীভাবে নিজেদের নিরাপদ রাখা যায় এবং কোনও সন্দেহজনক ঘটনা নজরে এলে কীভাবে দ্রুত পুলিশকে জানাতে হবে, সে বিষয়েও পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি এলাকায় নেশার উপদ্রব রুখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কেউ মাদক বা নেশাজাতীয় সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত থাকলে চুপ না থেকে দ্রুত প্রশাসন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানান পুলিশ আধিকারিকরা। সচেতনতার মাধ্যমেই সমাজকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করে তোলার বার্তাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes