ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে অঙ্গনওয়ারি কেন্দ্রের বেহাল অবস্থা! ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

শিলিগুড়ি,৮ জুলাইঃ শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ভোলানাথ পাড়া এলাকায় অঙ্গনওয়ারি কেন্দ্রের বেহাল অবস্থা।ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঙ্গনওয়ারি কেন্দ্রটির জন্য বরাদ্দ রয়েছে মাত্র একটি ছোট ঘর, যেখানে রান্নার কাজ করা হয়।সেই ঘরেও নেই বিদ্যুতের ব্যবস্থা, ফলে অন্ধকারের মধ্যেই রান্না করতে হয় কর্মীদের। অন্যদিকে, শিশুদের পড়াশোনা করানো হয় বাইরের বারান্দায়। বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে, ফলে শিশুদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়।

অভিভাবকদের অভিযোগ, শিশুদের বসার পর্যাপ্ত জায়গা নেই। রান্নাঘর অত্যন্ত ছোট এবং আলো না থাকায় রান্নার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন।এছাড়াও নিয়মিতশিশুদের খাবার সরবরাহ করা হয় না বলেও অভিযোগ উঠেছে।যদিও কেন্দ্রটি স্থানান্তরের জন্য অন্য একটি জায়গা চিহ্নিত করা হয়েছে, এখনও পর্যন্ত সেখানে স্থানান্তর করা হয়নি। স্থানীয়দের দাবি, উপযুক্ত ও নিরাপদ জায়গায় কেন্দ্রটি স্থানান্তর করা হোক, যাতে শিশুদের সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হয়।

কেন্দ্রের এক কর্মী জানান, জায়গার অভাব ও বিদ্যুৎ না থাকায় রান্নার ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। তবে এলাকাবাসীরা তাদের সরাসরি কিছু জানায়নি।অন্য জায়গা খোঁজার চেষ্টা করা হলেও উপযুক্ত স্থান পাওয়া যায়নি। বিষয়টি পঞ্চায়েতকে জানানো হলে বাড়ি পরিবর্তনের কথা বলা হয়েছিল।উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এই বিষয়ে প্রধান জানান, এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত বা মৌখিক অভিযোগ জানায়নি। পূর্বে সেখানে বিদ্যুতের সংযোগ ছিল, কিন্তু বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের নজরে রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes