অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তথ্য যাচাইয়ের কাজ করতে গিয়ে সমস্যায় নির্মল সাথীরা, মিলছে হুমকি

শিলিগুড়ি,২০ আগস্টঃ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তথ্য যাচাই করতে গিয়ে চরম সমস্যায় নির্মল সাথী কর্মীরা। আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ায় দেওয়া হচ্ছে হুমকি।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের নির্দেশে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ নির্মল সাথী কর্মীদের দেওয়া হয়। সেই অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে যথাযথভাবে তা জমাও দেন কর্মীরা।

সম্প্রতি বহু মহিলার আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ উপভোক্তারা নির্মল সাথী কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ। কর্মীদের দাবি, তাদের বিরুদ্ধে ভুল তথ্য পাঠানোর অভিযোগ তোলা হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে হুমকিও দেওয়া হচ্ছে।

নির্মল সাথী কর্মীরা জানান, আমরা শুধুমাত্র তথ্য যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাই। এরপর ওপরের স্তর থেকেই তা অনুমোদন বা বাতিল করা হয়। কিন্তু যারা টাকা পাননি, তারা আমাদের দায়ী করছেন।

এছাড়াও কাজ করতে অনীহা প্রকাশ করলে পুরনিগমের কিছু আধিকারিকের তরফ থেকেও চাপ ও হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি।এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্মল সাথী কর্মীরা। দ্রুত সমস্যার সমাধান এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes