শিলিগুড়ি: তারাপীঠ ও নিউটাউনের ঘটনার পর রাজ্যজুড়ে হোটেল ও রেস্তোরাগুলিতে অভিযান শুরু হয়েছে। দুই অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর শিলিগুড়িতে হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখত অভিযান শুরু করল প্রশাসন। বৃহস্পতিবার পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দমকল আধিকারিক এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে নিয়ে শহরের স্টেশন ফিডার রোডে বেশকিছু হোটেল ও রেস্তোরাঁতে যান।
পরিদর্শনের সময় ফায়ার লাইসেন্স, ফায়ার এক্সটিংগুইসার, জরুরি পথ, নিরাপত্তা সরঞ্জাম এবং অগ্নি-নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।
অভিযান শেষে মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, আগামী এক মাস ধরে শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, লজ, শপিং মল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে যৌথ পরিদর্শন চলবে। যেসব প্রতিষ্ঠানের কাগজপত্র বা লাইসেন্স সংক্রান্ত ত্রুটি রয়েছে, তাদের তা সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হবে। তবে কোথাও ফায়ার লাইসেন্স না থাকলে বা গুরুতর অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লাইসেন্স না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
মন্ত্রী আরও জানান,এই অভিযানের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের হয়রানি করা নয়। বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনও দুর্ঘটনা এড়াতে সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অগ্নি-নিরাপত্তা বিধি মেনে চলতে বাধ্য করা।
