জঙ্গল ছেড়ে লোকালয়ে গজরাজ, আতঙ্ক ছড়াল রাজগঞ্জে-নজরদারি চালাচ্ছে বন দফতর

রাজগঞ্জ, ২০ আগস্ট: জঙ্গল ছেড়ে লোকালয়ে গজরাজ। বৃহস্পতিবার সাতসকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর সংলগ্ন বুড়িমোড় এলাকায়।

জানা গিয়েছে, বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি রাজগঞ্জের সরকারপাড়া হয়ে সারিয়াম, চিকুপাড়া ও বুড়িমোড় এলাকায় পৌঁছয়। এরপর একটি চা বাগানে গিয়ে আশ্রয় নেয় হাতিটি।

লোকালয়ে হাতি ঢোকার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় বেলাকোবা ও আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি রাজগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। হাতিটিকে দেখতে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, আজ ভোরে গ্রামের একটি চা বাগানে হাতি চলে আসে। হাতিকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত হাতিটির কারণে কোনও ক্ষয়ক্ষতি বা আঘাতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে আসেন বৈকুণ্ঠপুর ডিভিশনের এডিএফও রাজীব লামা। তিনি বলেন,এটি একটি পূর্ণবয়স্ক মাকনা হাতি। হাতিটিকে এলাকা থেকে সরিয়ে নিরাপদে জঙ্গলে ফেরানোর জন্য বন দফতরের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এখন আমরা পর্যবেক্ষণে আছি। যেহেতু এখানে সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং একটি রাস্তাও রয়েছে, তাই জনসাধারণের সুরক্ষাই প্রথম অগ্রাধিকার। এরপর হাতিটিকে কীভাবে নিরাপদে গাইড করা যায়, সেই চেষ্টা করছি। এখনও পর্যন্ত কোনও ক্ষতি বা আঘাতের ঘটনা ঘটেনি। সেই পরিস্থিতি বজায় রাখতেই বনকর্মীরা সতর্ক রয়েছেন। হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বন দফতরের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। হাতিটির কাছাকাছি না যাওয়া এবং অযথা ভিড় না করার আবেদন জানানো হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বনকর্মীরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes