সরকারি যাত্রীবাহী বাসে পাথরের ঢিল, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা-ঘটনার তদন্তে পুলিশ

রাজগঞ্জ, ২০ আগস্টঃ সরকারি যাত্রীবাহী বাসে পাথরের ঢিল।ভাঙল কাচ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জলপাইগুড়ি-দার্জিলিং রুটের একটি চলন্ত বাসে বড় পাথরের ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা রক্ষা। রাজগঞ্জের তালমাহাট সংলগ্ন এলাকার ঘটনা।

জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে প্রায় ৩২ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। অভিযোগ, রাজগঞ্জ থানার অন্তর্গত তালমার ঠিক আগে একটি ব্রিজের কাছে আচমকাই কোনও এক ব্যক্তি বাসটির পেছনে বড় পাথর ছোড়ে। পাথরের আঘাতে বাসের পিছনের কাচ ভেঙে যায়। ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসের কন্ডাক্টর সুমন চন্দ জানান, পাথরের আঘাতে কাচ সম্পূর্ণ ভেঙে যায়। ভাঙা কাচের সামান্য অংশ কয়েকজন যাত্রীর গায়ে লাগলেও গুরুতরভাবে কেউ আহত হননি। তবে বাসটির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর বাসটি নিয়ে রাজগঞ্জ থানায় গিয়ে রিপোর্ট জমা দেওয়া হয় বলে জানিয়েছেন কন্ডাক্টর। কী কারণে চলন্ত সরকারি বাসে পাথর ছোড়া হল, তা এখনও স্পষ্ট নয়।চলন্ত বাসে কে এবং কী কারণে পাথর ছুড়লো, তা খতিয়ে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes