বাগডোগরার বিহার মোড়ে সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ব্যক্তির

বাগডোগরা, ১০ জুলাইঃ সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বাগডোগরা বিহার মোড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাসটি। তবে বাগডোগরা বিহার মোড় ঢোকার মুখে আচমকাই বিকট শব্দ শুরু হয় বাস থেকে। এমনকি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার এদিক-ওদিক চলতে শুরু করে।ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাসের ভেতরে থাকা যাত্রীরা।
এরপর বিহার মোড়ে বাক নেওয়ার সময় রাস্তা পারাপার হওয়া এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে উড়ালপুলের পিলারে গিয়ে ফের ধাক্কা দেয়।ঘটনাস্থলেই ব্যক্তির মৃত্যু হয়।বাসের ভেতরে থাকা যাত্রীরাও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।এদিকে ক্রেনের সাহায্যে বাসটিকে থানায় নিয়ে যায় পুলিশ। বাসের চালক ও খালাসি পলাতক।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes