রাজগঞ্জ, ৯ আগস্ট: সীমান্তে জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশিদের হাতে ‘অপহৃত’ ভারতীয় যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের তসর মোহাম্মদ পাড়া এলাকার চাউলহাটি সীমান্তে।যুবকের নাম দীপঙ্কর গোপ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ সীমান্তের গেট দিয়ে জিরো ল্যান্ডে নিজের জমিতে কাজ করতে যান দীপঙ্কর। অভিযোগ, কাঁটাতারের ওপারে থাকা নিজের চা বাগানে ওষুধ স্প্রে করার সময় বাংলাদেশের কয়েকজন তাকে আটক করে জোর করে ওপারে নিয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।
এই ঘটনার নেপথ্যে কয়েকদিন আগে একটি ঘটনাকে ঘিরে বদলা তত্ত্ব সামনে আসছে । জানা গিয়েছে, বাংলাদেশী এক বৃদ্ধা কয়েকদিন আগে ভারতের ঢুকে পরলে তাকে বিএসএফ আটক করে। ওই বৃদ্ধাকে বাংলাদেশের হাতে তুলে দিলে দীপঙ্করকে ছাড়া হবে। যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, দীপঙ্করকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পর তার ভাইয়ের মোবাইলে ভিডিও কল করে তাকে দেখানো হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা জানান, নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন দীপঙ্কর। বাংলাদেশের কিছু লোক তাঁকে নিয়ে গেছে। প্রশাসন ও বিএসএফ তাকে ফেরানোর চেষ্টা করছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। চাউলহাটি বিএসএফ ক্যাম্পের আধিকারিকরাও পরিস্থিতির উপর নজর রাখছেন।
জানা গিয়েছে, দীপঙ্করকে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজন হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমেও বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হতে পারে।
