শিলিগুড়ি, ৮ আগস্টঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ধারালো অস্ত্র দেখিয়ে একটি ট্রাক থেকে ২০ কার্টন আপেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতরা হল মিঠুন রায়, শিবম সাহনি এবং হর্ষ পাসওয়ান।
জানা গিয়েছে, গত ৬ আগস্ট গভীর রাতে রেগুলেটেড মার্কেটে এক ফল বিক্রেতার দোকানের সামনে আপেল বোঝাই একটি ট্রাক পার্ক করা ছিল।সেইসময় ট্রাক থেকে আপেলের কার্টন চুরি হতে শুরু করে।কিন্তু চালক এবং সহকারী চালক প্রথমে কিছুই জানতে পারেননি। যখন তারা কার্টনের সংখ্যা কমতে দেখেন, তখন তাদের সন্দেহ হয়।এরপর ট্রাকের ওপর নজরদারি রাখতে শুরু করেন তারা।সেইসময় চালক এবং সহকারী চালক কয়েকজন যুবককে ট্রাক থেকে আপেলের কার্টন চুরি করতে দেখেন।
এরপর যুবকদের বাঁধা দিলে ধারালো অস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর চালক ও সহকারী চালক প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ।
রেগুলেটেড মার্কেটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোপন সূত্রের মাধ্যমে ঢাকনিকাটা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
