শিলিগুড়ি, ৮ আগস্টঃ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের টাকার লোভ দেখিয়ে তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতরা হল চন্দ্রশেখর দাস, সোনু কুমার মাহাতো এবং পৃথ্বীরাজ ঘোষ।তিনজনই শিলিগুড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসএফ রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।অভিযোগ, ধৃতরা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের টাকার লোভ দেখিয়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নিত।
এরপর তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা পাঠানোর জন্য সেগুলো ব্যবহার করতো। পুলিশের সন্দেহ, এই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবৈধ আর্থিক কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছিল।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
