জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাজগঞ্জের বেলাকোবা পার্ক, সংস্কারের দাবি স্থানীয়দের

রাজগঞ্জ, ৪ আগস্টঃ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাজগঞ্জের বেলাকোবা পার্ক।বর্তমানে পার্কের একাংশ অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে।অভিযোগ, সন্ধ্যার পর থেকেই সেখানে চলে অসামাজিক কার্যকলাপ।নতুন সরকারের কাছে পার্ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, বাম আমলের পর তৃণমূল সরকারের শুরুর দিকে তৎকালীন রাজগঞ্জের বিধায়কের উদ্যোগে গড়ে তোলা হয়েছিল এই পার্ক। কিছুদিন সাধারণ মানুষের জন্য চালু থাকলেও পরে হঠাৎই তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে ধীরে ধীরে পার্কটি জঙ্গলে ঢেকে যায়।চারদিকে আগাছা, সাপ-পোকামাকড়ের উপদ্রবের পাশাপাশি অসামাজিক কার্যকলাপেরও অভিযোগ উঠেছে। পার্কের সামনেই একটি স্বাস্থ্যকেন্দ্র থাকায় আবর্জনা জমে রোগ ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত পার্কটি সংস্কার করে পুনরায় চালু করা হোক এবং এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এই বিষয়ে রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খুব শীঘ্রই পার্কটি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন।পরিস্থিতি খতিয়ে দেখে পার্ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes