জলপাইগুড়ি, ২৫ আগস্ট: চিনির দামে ‘চা’-এর কাপে ছ্যাঁকা! বাড়ল চায়ের দাম।
সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে। ঘুম থেকে উঠেই চায়ের কাপে চুমুক এই অভ্যাস বহু মানুষের নিত্যদিনের সঙ্গী। কিন্তু এবার সেই চায়ের কাপেই পড়ছে বাড়তি চাপ। চিনির দাম বৃদ্ধির জেরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন চায়ের দোকানে বাড়িয়ে দেওয়া হয়েছে চায়ের দাম।
কোথাও এক টাকা, কোথাও আবার এক ধাক্কায় দু’টাকা প্রতি কাপ চায়ের দাম বেড়েছে। দোকানদারদের দাবি, বাজারে চিনির দাম কেজি প্রতি প্রায় ৭০ টাকা ছুঁয়েছে। ফলে চা তৈরির খরচ বেড়ে যাওয়ায় আগের দামে চা বিক্রি করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে।
এদিকে চায়ের দাম বাড়ায় কিছুটা সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারাও। প্রতিদিন চা খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে তাদের।
