রাজগঞ্জ, ২৫ আগষ্টঃ বৈধ নথি ছাড়াই পাথর পরিবহনের অভিযোগে ডাম্পার আটক, গ্রেফতার চালক। সোমবার রাতে বেলাকোবা-বটতলা রাস্তায় ডাম্পারটি আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির পেছনের নম্বর প্লেটের একটি অংশ গ্রিজের মতো আঠালো পদার্থ দিয়ে ঢাকা ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ডাম্পারে পাথর পাওয়া গেলেও, তা পরিবহনের জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখাতে পারেননি চালক। এরপরই ডাম্পারটি বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃত চালকের নাম সুজিত রায়। মালবাজার থানার গাজলডোবার বাবুজোট এলাকার বাসিন্দা।
আজ ধৃত চালককে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।
