শিলিগুড়িতে বিরিয়ানির দোকানে ভাঙচুরের চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়ির হায়দারপাড়া মাছ বাজার এলাকায় একটি বিরিয়ানির দোকানে ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে।শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মী ওই বিরিয়ানির দোকানে এসে চড়াও হন। তারা দাবী করেন, ওই দোকানে নিষিদ্ধ মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে তারা দোকানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ভাঙচুরের চেষ্টা করেন বলে অভিযোগ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোনো সরকারি সংস্থা বা প্রশাসনের তদন্তের অপেক্ষা না করেই কয়েকজন ব্যক্তি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। এরফলে এলাকার ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি ঘোষ বলেন, ওই দোকান সম্পর্কে কোনো অভিযোগ থেকে থাকলে সেটি ব্যবসায়ী সমিতি কিংবা প্রশাসনের কাছে জানানো উচিত ছিল। প্রশাসনকে না জানিয়ে সরাসরি দোকানে গিয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া কাম্য নয়।

অন্যদিকে বিজেপি কর্মী রতন শর্মা বলেন, তাদের কাছে ওই দোকান সম্পর্কে অভিযোগ এসেছিল।সেই কারণেই দোকানে গিয়েছিলেন তারা।বিষয়টি প্রশাসনের নজরেও আনা হবে বলে জানান তিনি।

দোকান মালিক প্রিয়া দে জানান, প্রায় দশ বছর ধরে তিনি দোকানটি ভাড়ায় দিয়েছেন। এই দীর্ঘ সময়ে কখনও এই ধরনের অভিযোগ তার কাছে আসেনি।কোনো তদন্ত ছাড়াই দোকানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে।ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes