ফুলবাড়ি সীমান্তে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন বৃহন্নলা ও মাদ্রাসার ছাত্রীরা

ফুলবাড়ি, ২৮ আগস্টঃ ফুলবাড়ি সীমান্তে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন বৃহন্নলারা, পাশাপাশি রাখি পরালেন মাদ্রাসার ছাত্রীরাও।

রাখিবন্ধন উৎসব উপলক্ষে শিলিগুড়ির বাড়িভাষা থেকে ফুলবাড়ি সীমান্তে এসে বিএসএফের কর্মরত জওয়ান ও মহিলা হাতে রাখি পরালেন বৃহন্নলারা। শুক্রবার ফুলবাড়ি আইসিপিতে এই রাখিবন্ধন উৎসব পালন করা হয়। রাখি পরানোর পাশাপাশি বিএসএফ কর্মীদের মিষ্টিমুখও করান তারা।

একইভাবে ভান্ডারিগছ-সুরুবাড়ি হাই মাদ্রাসার ছাত্রীরাও ফুলবাড়ি সীমান্তে এসে বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন উৎসবে সামিল হন। তারাও জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে সীমান্তে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা পরিবার-পরিজন থেকে দূরে থেকে সীমান্তে কর্তব্য পালন করেন। তাদের সঙ্গে রাখির বন্ধনে সামিল হতেই এই উদ্যোগ বলে জানান বৃহন্নলারা।

বৃহন্নলা সোনালী সরকার বলেন, আমরা সবাই একে অপরকে রাখি পরাই। কিন্তু যারা দেশের নিরাপত্তার জন্য পরিবার ছেড়ে সীমান্তে দায়িত্ব পালন করছেন, তাদের জন্যও আমাদের কিছু করা উচিত। তাই আমরা বোন হয়ে তাদের রাখি পরালাম। সবাই আমাদের ভাই।খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে।

অন্যদিকে ভান্ডারীগছ সুরবাড়ি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ নওশাদ আলী বলেন, আমরা সুরুবাড়ি হাই মাদ্রাসা থেকে ছাত্রীদের নিয়ে ফুলবাড়ি বর্ডারে এসেছি জওয়ানদের রাখি পরানোর জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে এই রাখিবন্ধন উৎসব পালন করা হচ্ছে। ছাত্রীরাও খুব উৎসাহিত ছিল। যারা পরিবার ছেড়ে এখানে দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাদের অনেকেরই হয়তো রাখি পরানোর জন্য বাড়ি যাওয়া সম্ভব হয়নি।সেই কারণেই স্কুলের পক্ষ থেকে ছাত্রীদের নিয়ে এসে জওয়ানদের রাখি পরানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes