শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা-সমস্যায় মানুষ

শিলিগুড়ি,২৬ আগস্টঃ শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারের বেহাল অবস্থা।ফ্লাইওভারের বিভিন্ন অংশে তৈরি হয়েছে গর্ত।এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ।

বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টি হলেই ফ্লাইওভারের গর্তগুলিতে জল জমে যায়। ফলে কোনটি বড় গর্ত আর কোনটি ছোট গর্ত, তা বোঝা কঠিন হয়ে পড়ে। এর জেরে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। গাড়িচালকদের পাশাপাশি সমস্যায় পড়ছেন বাইক ও স্কুটার চালকরাও।

প্রতিদিন এই ফ্লাইওভার ব্যবহার করেন বহু মানুষ। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী, অফিসযাত্রী এবং সাধারণ মানুষ—সকলেরই যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি।শুধু ছোট গাড়ি নয়, এই ফ্লাইওভার দিয়ে প্রতিদিন বড় গাড়ি এবং বাসও চলাচল করে।
ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে যান চলাচলেও তৈরি হচ্ছে সমস্যা। ফ্লাইওভারটি বহু পুরনো হওয়ায় এর রক্ষণাবেক্ষণ এবং রাস্তার সংস্কারের দিকে আরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে গর্ত তৈরি হলেও তা স্থায়ীভাবে মেরামত করা হয়নি।প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর যেন দ্রুত এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের দিকে নজর দেয় এবং গর্তগুলি সংস্কার করে তার দাবী জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes