শিলিগুড়ি, ২৬ আগস্টঃ রাখিবন্ধন উৎসবকে ঘিরে শহর শিলিগুড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। শিলিগুড়ির হকাস কর্নারের সামনে দেখা গেল অন্যরকম ব্যস্ততার ছবি। রঙ-বেরঙের রাখিতে সেজে উঠেছে বাজার।
ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও মেলবন্ধনের প্রতীক রাখিবন্ধন উৎসব। এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন এবং ভাই-বোনের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। তাই এই উৎসবকে ঘিরে প্রতি বছরই বাজারে দেখা যায় বিশেষ উন্মাদনা।
রাখিবন্ধন উৎসব সামনে রেখে এবারও শিলিগুড়ির বাজারে এসেছে বিভিন্ন ধরনের রাখি। সাধারণ রাখি থেকে শুরু করে রঙিন ডিজাইনের রাখি, শিশুদের পছন্দের কার্টুন চরিত্রের রাখি—সবকিছুই সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও রয়েছে নানা ধরনের আকর্ষণীয় রাখি।
ব্যবসায়ীদের কথায়, রাখিবন্ধন উৎসব থাকায় আগেই তৈরী হয়েছেন তারা। তাদের আশা, গত বছরের তুলনায় এবছর রাখির বিক্রি আরও ভালো হবে।
