শিলিগুড়ি, ২৬ আগস্টঃ শিলিগুড়ির কোর্ট মোড়ে টোটো চালকদের কাছ থেকে চলছে তোলাবাজি। অভিযোগ পেয়েই রাস্তায় নামলেন খোদ বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ।
বিগত কয়েকদিন ধরে মন্ত্রীর কাছে অভিযোগ আসছিল, কোর্ট মোড় এলাকায় কয়েকজন অসাধু ব্যক্তি টোটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা তুলছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনাস্থলে পৌঁছন শঙ্কর ঘোষ। সেখানে টোটো চালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি যারা তোলাবাজির সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন মন্ত্রী।টোটো চালকদেরও কোনও ধরনের তোলা না দেওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে, কোর্ট মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যাও এদিন মন্ত্রীর নজরে আসে। অভিযোগ, রাস্তার উপর অস্থায়ীভাবে টোটো ও অটো দাঁড় করিয়ে সেখানে কার্যত স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এরফলে ব্যস্ত এই মোড়ে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। তোলাবাজি বন্ধ না হলে আগামীদিনে ওই অস্থায়ী স্ট্যান্ডও তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন শঙ্কর ঘোষ।
ট্রাফিক পুলিশ আধিকারিকদের বিষয়টির উপর নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী।পথ চলতি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন শঙ্কর ঘোষ।
আগামীদিনে কোনও ধরনের অবৈধ কার্যকলাপ কিংবা অসাধু ব্যক্তিদের আনাগোনাও বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী।
