লাটাগুড়ি, ২৬ আগস্টঃ গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট চারচাকা গাড়িতে চারজন ছিলেন। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। গাড়ির ভেতর থেকে চারজনকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকেরা এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
