নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল কংগ্রেসের

জলপাইগুড়ি, ২৬ আগস্টঃ ‘মানুষ বাঁচাও, মূল্য কমাও’-এই স্লোগান তুলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে পথে নামলো কংগ্রেস। বুধবার জলপাইগুড়ির দিনবাজারে জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।

চিনি থেকে পেঁয়াজ, একের পর এক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং কালোবাজারি রুখতে প্রশাসনের তরফে টাস্ক ফোর্স গঠন করে অভিযান চালানো হলেও, সেই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি আন্দোলনকারীদের।
জলপাইগুড়ির দিনবাজারে এদিন মিছিল করেন কংগ্রেস নেতা-কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সি এবং প্রাক্তন জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত।

মিছিল চলাকালীন বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতৃত্বরা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ বিজেপি সরকারকে নিশানা করেন কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, টাস্ক ফোর্স গঠন করে প্রশাসনের অভিযান কার্যত লোক দেখানো। দ্রুত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে না আনা হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes