শিলিগুড়ি, ২৩ মেঃ শহরে ফের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম রঞ্জিত সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রঞ্জিত সিং নিজের বাড়িতে দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালাচ্ছিল। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ টাকাও, যা এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।
