ফাঁসিদেওয়া, ৫ আগস্টঃ ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরাই বিক্ষোভে। একাধিক দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।
বোর্ড গঠনের এক মাস হতে চললেও পঞ্চায়েত সমিতির সভাপতিকে দেওয়া হয়নি ঘর বলে অভিযোগ। দেওয়া হচ্ছে না গাড়ি, উন্নয়ন কাজও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত সমিতির সদস্যরা।
পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির অভিযোগ, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার বিডিও, পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ আটকে দিয়েছেন।পঞ্চদশ অর্থ কমিশনের একাধিক কাজের প্রস্তাব পাঠানো হলেও তা আটকে দিয়েছে বিডিও বলে অভিযোগ।সভাপতিকে ঘর থেকে শুরু করে গাড়ি দেওয়া হচ্ছে না।বিষয়টি নিয়ে মহকুমাশাসক থেকে অতিরিক্ত জেলাশাসককে জানানো হয়েছে। সভাপতিকে গাড়ি না দিয়ে জয়েন্ট বিডিওকে নীল বাতির গাড়ি দিয়ে ১২০ কিমি দূরে বাড়ি থেকে আনা নেওয়া করা হচ্ছে।
অন্যদিকে জেলাশাসক জানিয়েছেন, বিষয়টি মহকুমা পরিষদের AEO ও মহকুমাশাসককে দেখতে বলা হয়েছে।
