শিলিগুড়ি, ২৫ জুনঃ দুর্ঘটনায় জখম এক ব্যক্তির একদিনে চিকিৎসার বিল করা হয়েছে ১ লক্ষ ২৭ হাজার টাকা।শুধুমাত্র ডাক্তারের বিল ৫০ হাজার।অত্যধিক টাকা ধার্য করা হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবার।
জানা গিয়েছে ,গতকাল পথ দুর্ঘটনায় জখম হয়ে শিবমন্দিরের কদমতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিশাল তামাং। রোগীর পরিবারের অভিযোগ,শুধুমাত্র এক্স রে এবং সেলাই করে বিল দেওয়া হয়েছে ১ লক্ষ ২৭ হাজার টাকা।এরপরই অত্যধিক বিলের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় রোগীর পরিবার-পরিজনেরা।পরিস্থিতি হাতাহাতি পর্যন্তও গড়ায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় মাটিগাড়া থানার পুলিশ।ঘটনার পর রোগীকে বেসরকারি হাসপাতাল থেকে বের করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে রোগীর পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে ডঃ বিকাশ বালা জানান, রোগীর অস্ত্রোপাচার হয়েছে।৪ ঘন্টা ওটি করা হয়েছে যার কারণে ডাক্তারের ৫০ হাজার টাকা বিল ধার্য করা হয়েছে। পাশাপাশি বিলের প্রতিটি হিসেব রোগের পরিবারকে দেওয়া হয়েছে তবে রোগীর পরিবার কোন টাকা দিতে রাজি হয়নি।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
