ফুলবাড়ি বাইপাসে টোল সংগ্রহ বন্ধ করলেন বিধায়িকা শিখা চ্যাটার্জী

ফুলবাড়ি, ১৪ জুনঃ ফুলবাড়ি বাইপাসে টোল সংগ্রহ বন্ধ করলেন বিধায়িকা শিখা চ্যাটার্জী। রবিবার ফুলবাড়ি এলাকায় একটি কর্মসূচিতে এসে বাইপাসে টোল আদায়ের বিষয়টি নজরে আসতেই নিজে উপস্থিত থেকে টোল সংগ্রহ বন্ধ করে দেন শিখা চ্যাটার্জী।


অভিযোগ, দীর্ঘদিন ধরে এসজেডিএ (SJDA)-র নাম করে ফুলবাড়ি বাইপাস থেকে ফুলবাড়ি-ঘোষপুকুর রাস্তায় বিভিন্ন ছোট-বড় পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছিল।


উল্লেখ্য, গত মে মাস আগে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি কর্মী-সমর্থকেরা টোল প্লাজায় গিয়ে টোল সংগ্রহ বন্ধ করে দিয়েছিলেন।সেইসময় অভিযোগ উঠেছিল, সাধারণ গাড়ি চালকদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। পরে কিছুদিন বাদেই একটি নোটিশ জারি করে পুনরায় টোল সংগ্রহ শুরু করে কর্তৃপক্ষ।


এদিন শিখা চ্যাটার্জী বলেন, ফুলবাড়ি এলাকায় একটি কর্মসূচিতে এসে দেখি বাইপাসে টোল সংগ্রহ করা হচ্ছে। আমার কাছে অভিযোগ ছিল এখানে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। তাই আমি নিজে গিয়ে টোল সংগ্রহ বন্ধ করে দিই। এই ধরনের অবৈধ টোল চলতে দেওয়া যাবে না। ভবিষ্যতে ফের টোল চালু করার চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


টোল সংগ্রহ বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন গাড়ি চালকেরা। তাদের অভিযোগ, টোল আদায় করা হলেও দীর্ঘদিন ধরে রাস্তার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ সেভাবে হয়নি। টোল বন্ধ হওয়ায় আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes