শিলিগুড়ির ঘোঘোমালি বাজারে একই রাতে ৪টি দোকানে চুরি, ঘটনার তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ৮ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি বাজার এলাকায় একই রাতে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটে। আজ সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে দেখেন, বাইরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই চুরির বিষয়টি সামনে আসে। পরে দেখা যায়, পাশাপাশি থাকা মোট চারটি দোকানেই চুরি হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্যবসায়ীদের দাবি, একটি হার্ডওয়্যার দোকান থেকে নগদ টাকা চুরি হয়েছে। পাশাপাশি একটি ঘড়ির দোকান থেকে বেশ কিছু দামী ঘড়ি নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বাকি দুটি দোকান থেকেও বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।তাতে দেখা গিয়েছে, মাঝরাতে একটি চার চাকার গাড়ি ঘটনাস্থলের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল।সেই গাড়ির সঙ্গেই চুরির যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes