জলপাইগুড়ি, ২৪ আগস্ট: জলপাইগুড়ির তিস্তা নদীতে ধরা পড়লো প্রায় ১৫ কেজি ওজনের বিশালাকৃতির বোয়াল মাছ। সেই মাছ বাজারে উঠতেই তা কিনতে জলপাইগুড়ি স্টেশন বাজারে শুরু হয়ে যায়ক্রেতাদের হুড়োহুড়ি।
সোমবার তিস্তা নদী থেকে জেলেদের জালে ধরা পড়ে প্রায় ১৫ কেজি ওজনের বিশাল বোয়ালটি। মাছটি বাজারে আসতেই সেটি দেখতে ভিড় জমে যায়। মুহূর্তের মধ্যেই মাছটি কিনতে শুরু হয় ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি। শেষ পর্যন্ত চোখের পলকেই বিক্রি হয়ে যায় গোটা মাছটি।
ব্যবসায়ীরা জানান, তিস্তার বোয়াল মাছের চাহিদা বরাবরই বেশি। বিশেষ করে স্থানীয় ক্রেতাদের কাছে নদীর তাজা বোয়ালের স্বাদ আলাদা। এদিন পাইকারি বাজারে মাছটি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি হয়। পরে মাছটি খুচরো বাজারে বিক্রি করা হয় প্রতি কেজি ৫০০ টাকা দরে।
