রাজগঞ্জ, ২৪ আগস্টঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো বেলাকোবা হাসপাতাল রোড মহিলা সমন্বয় সমিতি।এবছর দশ বছরে পদার্পণ করবে এই মহিলা পরিচালিত দূর্গাপুজো।
কমিটি সূত্রে জানা গিয়েছে, এবছর দুর্গাপুজোর বাজেট প্রায় ৬ লক্ষ টাকা। মণ্ডপসজ্জায় থাকছে বিশেষ চমক। পাশাপাশি পুজোর পাঁচ দিন ধরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
শুধু পুজো আয়োজনেই সীমাবদ্ধ নয় এই মহিলা সমন্বয় সমিতি। প্রতিবছর দুর্গাপুজো উপলক্ষে কমিটির পক্ষ থেকে কম্বল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এবছরও সেই সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
পুজো কমিটির সদস্য শুক্লা দত্ত-সহ অন্যান্য মহিলারা জানান, ‘আমাদের পুজো এবছর দশ বছরে পদার্পন করছে।খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। পুজোর পাঁচটি দিন আমরা ভীষণ আনন্দ করি।সংসারের নানা ব্যস্ততা ভুলে মায়ের আরাধনায় মেতে উঠি। সারা বছর আমরা এই পাঁচটি দিনের অপেক্ষায় থাকি’।
